ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। সৌদি আরবে হুথিদের হামলা চললেও দেশটি থেকে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা দশমিক ৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ০৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমেছে ৮৯ সেন্ট বা দশমিক ৮৯ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৪১ ডলারে।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সৌদি আরামকোর একটি তেল স্থাপনাও ছিল।
সৌদি কর্তৃপক্ষের দাবি, হামলায় নিক্ষেপ করা সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
নতুন নির্ধারিত দামে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা করা হয়েছে।
সরকার নির্ধারিত নতুন এই দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
