শিরোনাম

প্রধান উপদেষ্টা ইউনূসের উপহারের ৩০০ কেজি আম তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৭-১৬

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে উপহারে পাঠানো আম ভারতে পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তামাবিল জিরো পয়েন্ট দিয়ে একটি ট্রাকে করে ৬০টি কার্টনে এসব আম পাঠানো হয়।

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা অমুল্যানজ্যোতি বড়ুয়া এই আম গ্রহণ করেন। দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে কূটনৈতিক উদ্যোগ হিসেবে এই আম প্রেরণ করা হয়।

তামাবিল স্থলবন্দর সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে একটি ট্রাকে করে আমগুলো বন্দরে আনা হয়। প্রতিটি কার্টনে ছিল উন্নতমানের আম, মোট পরিমাণ প্রায় ৩০০ কেজি। এই আম প্রেরণের কার্যক্রমটি সম্পন্ন করে তামাবিল সিঅ্যান্ডএফ এজেন্ট ‘রোজ ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল’।

আম হস্তান্তরের সময় বাংলাদেশ ও ভারতের স্থলবন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ, ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রধান উপদেষ্টার উপহারের আমগুলো সফলভাবে ভারতে পৌঁছে দেওয়া হয়েছে।”

  • Muhammad Yunus mango gift
  • প্রধান উপদেষ্টা ইউনূস
  • সিলেট তামাবিল
  • error: Content is protected !!