জ্বালানি তেল মজুত ঠেকাতে সিলেটসহ ৯ জেলায় ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-২৮
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দেওয়ায় দেশে অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলা, জ্বালানি বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে একটি সুপরিকল্পিত ব্যবস্থাপনার আওতায় ডিপোগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে। দায়িত্ব পালনের সুবিধার্থে ইউনিট সদর থেকে দূরবর্তী এলাকায় নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গত ২৫ মার্চ সকাল থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ—এই ৯ জেলায় মোট ১৯টি জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মোতায়েনকৃত সদস্যরা একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি চালাচ্ছেন এবং প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করছেন। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ মজুত ও বিক্রয় প্রতিরোধ এবং নাশকতা ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদানও নিশ্চিত করা হচ্ছে।

ডিপো এলাকাগুলোতে বিজিবির দৃশ্যমান উপস্থিতি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অন্যদিকে, সীমান্তপথে জ্বালানি তেল পাচার ঠেকাতে অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

error: Content is protected !!