সিলেটে মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু ২০ জুলাই

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৭-১৮
ছবি সংগৃহীত

 

সিলেটে মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিভিন্ন মালবাহী মোটরযানের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে আগামী রোববার (২০ জুলাই)। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে এ অভিযান চলবে দিন ও রাতে, নগরীর প্রধান সড়ক ও মহাসড়কজুড়ে একযোগে।

বুধবার (১৭ জুলাই) বিকেলে এসএমপি সদর দপ্তরে আয়োজিত এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম (সেবা)।

সভায় জানানো হয়, সরকার নির্ধারিত ইকোনমিক লাইফ অনুযায়ী মিনিবাসের সর্বোচ্চ চলাচল মেয়াদ ২০ বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানের জন্য ২৫ বছর। এর বেশি সময় ধরে চলাচলরত যানবাহনগুলোকে অবৈধ হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি, অনুমোদনবিহীন, রংচটা ও বায়ু দূষণকারী যানবাহনের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

অভিযানের মূল লক্ষ্য হচ্ছে—নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা রোধ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনা।

সভায় বিআরটিএ সিলেট কার্যালয়ের উপ-পরিচালক, এসএমপি কর্মকর্তাবৃন্দ, বাস-মিনিবাস ও ট্রাক মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং সিএনজি-লেগুনা চালক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, নিয়মিত অভিযানের পাশাপাশি সচেতনতা কার্যক্রমও চালানো হবে। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে কেউ অবৈধ যানবাহন চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

error: Content is protected !!