শিরোনাম

কেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৬-০২-০২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেন্দ্র দখলের কোনো চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভাগীয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে কেন্দ্র দখল রোধে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের জন্য ২৫ হাজার ৭০০টি বডি-ওর্ন ক্যামেরা সরবরাহ এবং ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরও কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার ছবি সংরক্ষিত থাকবে এবং সময়ের ব্যবধানে হলেও তাকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি আত্মীয়স্বজন বা পরিচিত যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বাহিনীগুলোর প্রস্তুতি সন্তোষজনক বলে উল্লেখ করে তিনি বলেন, তারা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বলে সরকারের বিশ্বাস।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঝিনাইগাতির সাম্প্রতিক ঘটনাটি দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের কেউ কেউ এলাকা ছেড়ে পালিয়ে গেলেও সময় লাগলেও সবাইকে আইনের আওতায় আনা হবে।

নির্বাচনের সময় সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে পোলিং সেন্টারে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এতে সাংবাদিকদের ওপর হামলার আশঙ্কা নেই। এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগসহ দেশের কোথাও সাংবাদিকদের ওপর বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি। কিছু ছোটখাটো সমস্যা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ফলাফল ঘোষণায় বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, ফলাফল প্রস্তুত হলেই তা ঘোষণা করা হবে। প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট থাকবেন, যারা সঙ্গে সঙ্গেই ভোটের তথ্য মোবাইল ফোনে জানিয়ে দেবেন। ফলে সরকারিভাবে ঘোষণার আগেই অনেক সময় ভোটের ফলাফল সাধারণ মানুষ জানতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী (এনডিসি), ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া, র‌্যাব-১৪-এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হক, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ সেনাবাহিনী, বিজিবি, আনসার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

error: Content is protected !!