বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেটের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার তাজপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহের পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর ঢল নামে। তাজপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এক পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তারা বলেন, এম ইলিয়াস আলী শুধু সিলেট নয়, বরং সারাদেশের মানুষের কাছে জনপ্রিয় ও সাহসী নেতা ছিলেন। তাকে পরিকল্পিতভাবে গুম করা হয়েছে। কিন্তু দীর্ঘ ১৩ বছরেও তার কোনো সন্ধান মেলেনি, যা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত তার সন্ধান প্রদানের জোর দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, ইলিয়াস আলী ছিলেন তৃণমূল থেকে উঠে আসা আপসহীন কণ্ঠস্বর। জনগণের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন। তার মতো নেতার অনুপস্থিতি শুধু বিএনপির নয়, গোটা জাতির জন্যই বড় ক্ষতি।
কর্মসূচিকে সফল করতে কয়েক দিন ধরে উপজেলায় ব্যাপক প্রচারণা চালানো হয়। গ্রাম থেকে শহর পর্যন্ত পোস্টার, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেয়ে যায় এলাকা। বাজারের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টাঙানো হয় দলীয় পতাকা ও ব্যানার। প্রচারযন্ত্রে স্লোগান আর ইলিয়াস আলীর নাম উচ্চারণে তাজপুর বাজার মুখরিত হয়ে ওঠে।
উপজেলার ৮ ইউনিয়নের ৭২টি ওয়ার্ড থেকে গড়ে প্রায় ৩০টি করে মোট ২৪০টি পিকআপ ভ্যানে নেতাকর্মীরা আসেন। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে তাজপুর বাজারের শেরাটন পার্টি সেন্টারে মিলিত হয়। পাশাপাশি বিপুল সংখ্যক মোটরসাইকেল শোভাযাত্রাও মিছিলে যোগ দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।
তবে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা বিলম্বে মিছিল শুরু হওয়ায় প্রচণ্ড তাপদাহে অপেক্ষমাণ নেতাকর্মীদের মাঝে অস্বস্তি দেখা দেয়। মিছিল শুরু হওয়ার পর পুরো তাজপুর বাজারে ইলিয়াস আলীর নাম উচ্চারণে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পরিবেশ।
বিক্ষোভ মিছিল ও পথসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
