সিলেট-১ আসনে মনোনয়ন বঞ্চিত আরিফুল হক চৌধুরী, ঢাকায় গেলেন দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করতে

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১১-০৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন সিলেট-১ আসনের হেভিওয়েট প্রার্থী, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। দলীয় সূত্রে জানা গেছে, তিনি আগে থেকেই মনোনয়নের সবুজ সংকেত পেয়েছেন বলে ধারণা করে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত দলের ঘোষিত তালিকায় তার নাম না থাকায় তিনি বেশ হতাশ ও মনক্ষুণ্ণ হয়েছেন।

বিশ্বস্ত সূত্র জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় গেছেন আরিফুল হক চৌধুরী। এর একদিন আগে, সোমবার (৩ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৪টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন। এসবের মধ্যে সিলেট-১ আসনে আরিফুল হকের মনোনয়ন না পাওয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

দলীয় সূত্রে আরও জানা যায়, সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলীয় চেয়ারপারসনের অপর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি ২০১৮ সালের নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী ছিলেন। উল্লেখযোগ্যভাবে, তার বাবা মরহুম খন্দকার এম এ মালিক এ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

এদিকে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর সোমবার রাতেই নগরীর কুমারপাড়াস্থ আরিফুল হক চৌধুরীর বাসভবনে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা সমবেত হন। তারা প্রস্তাব দেন, সিলেট-৪ আসনে যেহেতু এখনো দলের পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি, তাই তিনি চাইলে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে আরিফুল হক চৌধুরী এ প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন।

এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।

দলের এক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, কেন্দ্রীয়ভাবে দলও চায় আরিফুল হক চৌধুরী যেন অন্য কোনো আসন থেকে প্রার্থী হন। কিন্তু তিনি তাতে আগ্রহী নন এবং বলেছেন—দলের সিদ্ধান্তের ব্যাপারে তার কিছুই করার নেই।

 

error: Content is protected !!