২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ ২৬ সেপ্টেম্বর

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৭-০১
ছবি : সংগৃহীত

২০২৭ সালের পবিত্র হজ পালনের প্রস্তুতি শুরু হয়েছে। সৌদি আরব ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী বুধবার (১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী হজযাত্রীদের আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুসরণ করেই এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন না হলে পরবর্তী হজ কার্যক্রমে অংশগ্রহণে জটিলতা তৈরি হতে পারে।

এর আগে, গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করে। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন। এ সময় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।

রোডম্যাপ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হওয়ার কথা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

error: Content is protected !!