ছবি সংগৃহীত
সিলেট মহানগরীতে মেয়াদোত্তীর্ণ বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও মিনিবাসের বিরুদ্ধে অভিযান আপাতত স্থগিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। রোববার (২০ জুলাই) থেকে এই অভিযান শুরুর কথা থাকলেও হরতালের কারণে তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, অনুকূল পরিস্থিতি না থাকায় এখনই সড়কে অভিযান চালানো সম্ভব নয়, পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।
এর আগে গত ১৭ জুলাই অনুষ্ঠিত সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়, ২০ বছরের বেশি পুরনো মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাক ও কাভার্ডভ্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসএমপি ট্রাফিক বিভাগের তথ্য মতে, সিলেট নগরীতে এমন ২,২০০টির বেশি যানবাহন রয়েছে।
অভিযান বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা এলেও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি তা বাস্তবায়নের আগে বিকল্প ও প্রস্তুতির আহ্বান জানিয়েছে। তাদের দাবি, হঠাৎ করে এসব গাড়ি বন্ধ করা হলে নগরীতে গণপরিবহন ও পণ্য পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হবে।
বিআরটিএ, পরিবহন মালিক, শ্রমিক সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভায় জানানো হয়, এই অভিযানের লক্ষ্য শুধু পুরনো গাড়ি অপসারণ নয়, বরং সড়ক দুর্ঘটনা হ্রাস, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা।
বর্তমানে অভিযানের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও, সংশ্লিষ্ট মহলের ধারণা—এটি বাস্তবায়িত হলে নগরীর পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
