সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (২৩ জুন) সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে জড়ো হয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা এই কর্মবিরতিতে অংশ নেন।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব মো. নজরুল ইসলাম বলেন, ‘দুপুর ১টা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
এ সময় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ প্রণয়নে সহায়তাকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান ঐক্য ফোরামের নেতারা।
তারা অভিযোগ করেন, চলতি মাসে সরকার একটি পুনর্বিবেচনা কমিটি গঠন করলেও এখনো পর্যন্ত কমিটির কার্যক্রম সম্পর্কে কোনো আপডেট জানানো হয়নি, যা হতাশাজনক।
এর আগে, ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন করা হয়।
পরে, ২৫ মে সন্ধ্যায় সরকার আনুষ্ঠানিকভাবে এই অধ্যাদেশ জারি করে।
