১৫ বছর পূর্ণ হলে বাধ্যতামূলক হতে পারে এনআইডি নবায়ন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৬-২৭
ছবি : সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও বিদ্যমান আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের সুযোগ রয়েছে, বর্তমানে এটি বাধ্যতামূলক নয়। তবে নাগরিকদের পরিচয়সংক্রান্ত তথ্য আরও নির্ভুল ও হালনাগাদ রাখতে বিষয়টি বাধ্যতামূলক করার বিষয়ে কমিশনে আলোচনা চলছে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৫ বছরের ব্যবধানে একজন ব্যক্তির শারীরিক গঠনে স্বাভাবিকভাবেই পরিবর্তন আসে। এছাড়া কেউ কেউ অস্ত্রোপচার বা অন্যান্য কারণে চেহারা কিংবা লিঙ্গ পরিচয়ে পরিবর্তন আনেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আঙুলের ছাপের মানও কমে যেতে পারে। ফলে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দেয়। এসব বিষয় বিবেচনায় রেখেই এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার প্রস্তাব পর্যালোচনায় রয়েছে।

আইনে যা বলা হয়েছে

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০-এর ধারা ৭(১) অনুযায়ী, একটি জাতীয় পরিচয়পত্র ইস্যুর তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত কার্যকর থাকে। একই আইনের ধারা ২ অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত নিয়ম ও ফি পরিশোধ করে নির্বাচন কমিশনের কাছে নবায়নের আবেদন করা যাবে।

অন্যদিকে, জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ নম্বর বিধিতে উল্লেখ রয়েছে, এনআইডি নবায়নের জন্য নির্ধারিত ফরম-৫ পূরণ করে সরাসরি অথবা কমিশনের অনলাইন সেবার মাধ্যমে আবেদন করা যাবে।

সরাসরি আবেদন করলে নির্ধারিত ফি জমার রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে ‘সাধারণ’ বা ‘জরুরি’ হিসেবে আবেদন দাখিল করতে হবে। অনলাইনে আবেদনকারীদেরও ফি পরিশোধের রসিদের স্ক্যান কপি জমা দিতে হবে।

বিধিমালা অনুযায়ী, ‘জরুরি’ আবেদন নির্বাচন কমিশনে এবং ‘সাধারণ’ আবেদন সংশ্লিষ্ট স্থানীয় কার্যালয়ে জমা দিতে হয়। আবেদন গ্রহণের পর কর্তৃপক্ষ আবেদনপত্রের গ্রহণযোগ্যতার অংশ আবেদনকারীকে সরাসরি অথবা অনলাইনের ক্ষেত্রে মোবাইল বা ই-মেইলে পাঠিয়ে থাকে।

বর্তমান বিধান অনুযায়ী, জরুরি আবেদন সাত দিনের মধ্যে এবং সাধারণ আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির কথা রয়েছে। নবায়নের জন্য সাধারণ ফি ১০০ টাকা এবং জরুরি ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইসির বক্তব্য

এনআইডির ১৫ বছরের মেয়াদ পূর্তির পর নবায়ন প্রসঙ্গে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, বিষয়টি বাস্তবায়নের দিকেই এগোচ্ছে। বর্তমানে যেকোনো নাগরিক প্রয়োজন হলে আবেদন করে এনআইডি নবায়ন করতে পারেন। হারিয়ে গেলে বা নষ্ট হলেও নতুন কার্ডের আবেদন করার সুযোগ রয়েছে।

বর্তমানে এনআইডি হারানো বা নষ্ট হওয়ার ক্ষেত্রে প্রথমবার সাধারণ আবেদনের জন্য ২০০ টাকা এবং জরুরি আবেদনের জন্য ৩০০ টাকা ফি দিতে হয়। দ্বিতীয়বার সাধারণ আবেদন ৩০০ টাকা ও জরুরি আবেদন ৫০০ টাকা। এরপর প্রতিবার সাধারণ আবেদন ফি ৫০০ টাকা এবং জরুরি আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারিত রয়েছে।

এ বিষয়ে এনআইডি মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা বলেন, বাধ্যতামূলক নবায়নের বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

error: Content is protected !!