মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী খুন: অভিযানে র‌্যাব, গ্রেপ্তার কয়েকজন

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৭-১২

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, “এই ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মামলাটি ছায়া তদন্তের আওতায় রয়েছে। এখনও বিস্তারিত তথ্য প্রকাশের উপযোগী সময় আসেনি। তবে অপরাধে জড়িত অন্যদের আটকে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় চাঁদাবাজি অথবা ব্যবসায়িক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে র‌্যাব।

র‌্যাব ডিজি স্পষ্টভাবে বলেন, “অপরাধীর পরিচয় আমাদের কাছে একটাই—সে একজন অপরাধী। সে যেই দলের হোক, কতটা প্রভাবশালী হোক না কেন, ছাড় দেওয়ার সুযোগ নেই। আমরা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেব।”

তিনি আরও জানান, ৫ আগস্টের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের ফলে মিটফোর্ডসহ আশপাশের এলাকায় পরিস্থিতির উন্নতি ঘটেছে। সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

error: Content is protected !!