ওয়ার্ক পারমিট ভিসায় প্রায় ৯ হাজার শ্রমিক নেবে ইতালি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৫-১৩
ছবি: সংগৃহীত

বিদেশি শ্রমিক নিয়োগে আবারও বড় উদ্যোগ নিয়েছে ইতালি সরকার। দেশটির কৃষি, পর্যটন ও আতিথেয়তা খাতে শ্রমিক সংকট মোকাবিলায় নতুন করে ৮ হাজার ৮৬৫টি সিজনাল ওয়ার্ক পারমিট অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬ সালের ‘ডিক্রেটো ফ্লাসি’ কর্মসূচির আওতায় এই অতিরিক্ত কোটা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ এপ্রিল এ সিদ্ধান্ত অনুমোদিত হলেও তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ৬ মে। ইতালিতে গ্রীষ্মকালীন কৃষিকাজ এবং পর্যটন মৌসুমে বাড়তি শ্রমিকের চাহিদা তৈরি হওয়ায় সরকার এই অতিরিক্ত কোটা বরাদ্দ দিয়েছে।
নতুন অনুমোদিত কোটার মধ্যে কৃষি খাতে ৫ হাজার ৩৮৯টি ওয়ার্ক পারমিট রাখা হয়েছে। এছাড়া পর্যটন, হোটেল ও আতিথেয়তা খাতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে আরও ৩ হাজার ৪৭৬টি পারমিট।
এই ঘোষণার পর ইতালিতে কাজের অপেক্ষায় থাকা হাজারো বিদেশি কর্মীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ‘ক্লিক ডে’-তে আবেদন করেও যারা কোটা সংকটের কারণে সুযোগ পাননি, তাদের আবেদন পুনর্বিবেচনার আওতায় আনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের মতে, ইউরোপজুড়ে শ্রমিক সংকট বাড়তে থাকায় বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছে ইতালি। কৃষি, হোটেল ও পর্যটন খাতে দক্ষিণ এশিয়ার শ্রমিকদের চাহিদাও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।
তবে সংশ্লিষ্টরা সতর্ক করে জানিয়েছেন, অতিরিক্ত কোটার এই সুযোগ দীর্ঘদিন খোলা নাও থাকতে পারে। কারণ অতীতে দেখা গেছে, অতিরিক্ত বরাদ্দ দেওয়া কোটাগুলো খুব দ্রুত পূরণ হয়ে যায়। ২০১৫ সালেও একই ধরনের অতিরিক্ত কোটা মাত্র দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল।

error: Content is protected !!