দায়িত্ব নিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৭-১৩

দীর্ঘ অনিশ্চয়তা ও একাধিক প্রশাসনিক রদবদলের পর অবশেষে সিলেট জেলা প্রশাসকের পদে স্থায়ী নিয়োগ কার্যকর হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন। তিনি জানান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন আব্দুল্লাহ আল মামুন। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। তিনি দেওয়া গ্রামের গোলাম মাওলা চৌধুরীর সন্তান। গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে গত ২১ জুন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করার পর সিলেটের ডিসি পদে কয়েক দফা পরিবর্তন ঘটে। এক পর্যায়ে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটে পদায়ন করা হলেও তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যান। পরে সেই নিয়োগাদেশ বাতিল করা হয়। সর্বশেষ ৯ জুলাই আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং চার দিন পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

অন্যদিকে, সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের দায়িত্বকাল বিভিন্ন উদ্যোগের কারণে আলোচনায় ছিল। সাদাপাথর সংরক্ষণ ও অবৈধভাবে উত্তোলিত পাথর প্রতিস্থাপনের উদ্যোগের পাশাপাশি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তিনি একাধিক পদক্ষেপ নেন। গত ১২ জুন দুই মাজার পরিদর্শনের সময় তিনি আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার ঘোষণা দেন। পরে ১৮ জুন মাজারের পুরোনো দানবাক্স অপসারণ করে নতুন দানবাক্স স্থাপন এবং দীর্ঘদিনের প্রচলিত তিনটি দানের ডেগ সিলগালা করা হয়।

error: Content is protected !!