সিলেটে কমছে না হামের সংক্রমণ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-08-02
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ৮০ জন রোগীকে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন।

রোববার (২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা পরিস্থিতি বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২২৭ জন, হবিগঞ্জে ৬২ জন, মৌলভীবাজারে ৫২ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৩৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জে শনাক্তদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৮০ জন সন্দেহভাজন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে দুজন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪২ জন সন্দেহভাজন হাম রোগী। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে আটজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলার তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। আর সন্দেহভাজন ও নিশ্চিত—উভয় ধরনের মৃত্যু হিসাব করলে মোট মৃতের সংখ্যা ১১৪ জন।

জেলাভিত্তিক হিসাবে, সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে সিলেট জেলায় ৪০ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৪৯ জনের মৃত্যু হয়েছে।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়ার পাশাপাশি জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

error: Content is protected !!