ছবি: সংগৃহীত
ইরান থেকে ফিরলেন আরও ২৮২ বাংলাদেশি নাগরিক। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাদের বহনকারী একটি চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।
জানা গেছে, তারা বাহরাইন হয়ে দাম্মাম পথ ব্যবহার করে দেশে ফিরেছেন।
এদিকে, একই দিনে রাত ১টা ২৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিজি-৫৩০২ ফ্লাইটে বাকু থেকে আরও প্রায় ২৮০ বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের ওই উড়োজাহাজটি বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে ইরান থেকে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নিয়ে আজারবাইজান-এর রাজধানী বাকুতে নেওয়া হয়।
প্রসঙ্গত, গত বছরের জুনে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা তৈরি হলে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের একটি অংশকে পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
