সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ২০ হাজার টাকায় দেশে ফেরার সুযোগ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০১-৩০
ছবি: সংগৃহীত

সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের জন্য দেশে যাতায়াতে বড় স্বস্তির উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ ব্যবস্থার আওতায় প্রবাসী কর্মীরা এখন স্বল্প ভাড়ায় দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। একমুখী টিকিটে দেশে আসার ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় ২০ হাজার টাকা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই উদ্যোগের আওতায় সৌদি আরব ও বাংলাদেশ রুটে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে প্রবাসী কর্মীদের যাতায়াত যেমন সহজ ও সাশ্রয়ী হবে, তেমনি রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আর্থিকভাবে লাভবান হবে।

তিনি বলেন, হজ মৌসুমে আগে যেসব ফ্লাইট একমুখী খালি অবস্থায় পরিচালিত হতো, এই ব্যবস্থার মাধ্যমে সেগুলো কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে। ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকার বেশি আয় হওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।

এই বিশেষ ভাড়ার আওতায় মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। এছাড়া মদিনা–ঢাকা–মদিনা ও জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৪২ হাজার টাকা। বাংলাদেশে আসার ক্ষেত্রে এই ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত। আর বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার সময় এই সুবিধা পাওয়া যাবে ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত।

এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এ উদ্যোগ গ্রহণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের বাস্তবধর্মী সিদ্ধান্ত ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা সহজ করবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে তিনি সতর্ক করে বলেন, অতীতে প্রবাসীদের কল্যাণে নেওয়া অনেক ভালো উদ্যোগ সঠিক বাস্তবায়নের অভাবে টেকসই হয়নি। তাই এই উদ্যোগটি যেন শতভাগ কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখতে হবে।

error: Content is protected !!