মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর দুপুরে কলেজের ৫ নম্বর ভবনের সামনে এ তথ্য জানান তিনি।
সকাল সাড়ে ১০টায় দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন করেন আইন উপদেষ্টাসহ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হলো:
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ
২. আহতদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রকাশ
৩. শিক্ষকদের ওপর সেনা সদস্যদের হামলার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা
৪. নিহতদের পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ
৫. ঝুঁকিপূর্ণ পুরনো যুদ্ধবিমান বাতিল এবং আধুনিক প্লেন চালু
৬. প্রশিক্ষণপদ্ধতি ও কেন্দ্র মানবিক ও নিরাপদভাবে সংস্কার
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে কুর্মিটোলা ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল চত্বরে বিধ্বস্ত হয়। সরকারি তথ্যমতে, এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন।
