বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

: অনলাইন ডেস্ক
প্রকাশ: 2026-08-24
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব মসজিদের পূর্ব সাহানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আয়োজক সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত বায়তুল মোকাররমের পূর্ব সাহানে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ ও নসিহত করবেন।

পক্ষকালব্যাপী এ আয়োজনের মধ্যে থাকবে ওয়াজ-মাহফিল, কিরাত মাহফিল, হামদ-নাত এবং রাসুল (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বিভিন্ন আলোচনা। ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ আয়োজনে বিষয়ভিত্তিক সেমিনারও অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

তরুণ প্রজন্মকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠ এবং ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীরও আয়োজন করা হবে।

এ ছাড়া সিরাত উপলক্ষে বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলারও আয়োজন থাকবে।

ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় ধর্মপ্রাণ মুসল্লিদের সিরাতুন্নবী (সা.)-এর এসব জ্ঞানগর্ভ কর্মসূচি ও বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

error: Content is protected !!