বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) তেলের দর গত তিন মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। বাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং চাহিদার তুলনায় অতিরিক্ত তেল সরবরাহের আশঙ্কায় এ দরপতন হচ্ছে। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে।
সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮৮ ডলার ৭১ সেন্টে দাঁড়ায়। এর আগের দিন ৩১ আগস্টের পর সর্বনিম্ন দামে লেনদেন শেষ হয় ব্রেন্টের।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৭৯ ডলার ৫৭ সেন্টে নেমে আসে। এর আগে দিনের লেনদেনে ২৬ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় এ তেলের দাম।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতির আভাস পাওয়ায় তেলের দামে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা বাজারের ওপর প্রভাব ফেলছে।
ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সুব্রো সরকার বলেন, গত কয়েক দিনে ব্রেন্ট তেলের দাম বৃদ্ধির গতি অনেকটাই কমেছে। হরমুজ প্রণালি বন্ধ থাকলেও তেলের সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও জাহাজ চলাচলে বিঘ্নের আশঙ্কার পাশাপাশি ভবিষ্যতে চাহিদার তুলনায় বাজারে বেশি তেল সরবরাহ হতে পারে কি না, তা নিয়েও বিনিয়োগকারীরা হিসাব-নিকাশ করছেন।
তবে তেলের দাম আবারও বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন সুব্রো সরকার। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। যেকোনো সময় দুই দেশ হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে নিজেদের অবস্থান যাচাই করতে নতুন পদক্ষেপ নিতে পারে।
ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর দাবি, সোমবার হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। জাহাজগুলো নিয়ম লঙ্ঘন করছিল বলেও দাবি করেছে বাহিনীটি।
এদিকে ইরান ৫০টি পর্যন্ত জ্বালানিবাহী ট্যাংকারে সাইবার হামলার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তি ও মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
অন্যদিকে লিবিয়ার শারারা তেল পাইপলাইন আবার চালু হয়েছে। একটি অবৈধ গোষ্ঠী পাইপলাইনের ভালভ বন্ধ করে দেওয়ায় এটি বন্ধ হয়ে গিয়েছিল। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান দেশটির জাতীয় তেল করপোরেশনের চেয়ারপারসন।
তিনি জানান, জাওইয়ায় আকাকুস স্থাপনায় থাকা তেল সংরক্ষণ ট্যাংকে আবারও তেল প্রবেশ করতে শুরু করেছে।
বিশ্ববাজারে তেলের সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় দাম কমছে। তবে বিশ্লেষকদের মতে, তেলের বাজার এখনো ঝুঁকিমুক্ত নয়। এএনজেড ব্যাংকের জ্যেষ্ঠ পণ্যবাজার বিশ্লেষক ড্যানিয়েল হাইনস এক প্রতিবেদনে বলেন, তেলের মজুত ও পরিশোধিত জ্বালানির সরবরাহ কিছুটা বাড়লেও বাজারের ওপর চাপ এখনো যথেষ্ট বেশি।
তিনি বলেন, তেলের দাম, সরবরাহমূল্যের পার্থক্য, তেল পরিশোধনের মুনাফা এবং বিনিয়োগকারীদের অবস্থানে বাজার স্বাভাবিক হওয়ার কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তবে পরিবহন ও সরবরাহব্যবস্থায় এখনো বিভিন্ন বাধা রয়েছে। তেলের মজুতও পর্যাপ্ত নয়।
ড্যানিয়েল হাইনসের মতে, তেলের বাজার চরম সংকট থেকে কিছুটা বেরিয়ে এলেও এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। বরং দীর্ঘ সময় ধরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বজায় থাকতে পারে।
ডয়চে ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের মজুত ৫ কোটি ২০ লাখ ব্যারেল বেড়েছে। অর্থাৎ ওই মাসে প্রতিদিন চাহিদার তুলনায় গড়ে প্রায় ১৭ লাখ ব্যারেল বেশি তেল সরবরাহ হয়েছে।
ব্যাংকটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্ববাজারে তেলের সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য ফিরছে। একই সঙ্গে বাজারে অতিরিক্ত তেল জমার প্রমাণও বাড়ছে। তবে নতুন কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে ভারসাম্য ফেরার এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
এদিকে রয়টার্সের করা একটি প্রাথমিক জরিপে দেখা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি পণ্যের মজুত বেড়ে থাকতে পারে।
