আইএইএর সঙ্গে সহযোগিতা প্রোটোকল চূড়ান্ত পর্যায়ে: ইরান

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-০৯
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে সহযোগিতা প্রোটোকল চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইরান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, খসড়া প্রোটোকলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পরমাণু স্থাপনাগুলোর বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি এতে সংসদের আইন ও জাতীয় নিরাপত্তা পরিষদের নির্দেশনাও প্রতিফলিত হয়েছে। এর আগে সংস্থাটির সঙ্গে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শিগগিরই মিসরের রাজধানী কায়রোতে আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বসবেন। তেহরানের আশা, এ বৈঠকই আলোচনার চূড়ান্ত ধাপ হবে।

উল্লেখ্য, গত জুনে পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার পর আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছিল ইরান। তবে দেশটি জানিয়েছে, কেবল বিজ্ঞানী ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক গ্যারান্টি পাওয়া গেলে পূর্ণাঙ্গ পরিদর্শন পুনরায় শুরু করা হবে।

এদিকে, আইএইএ প্রধান গ্রোসি সোমবার বলেন, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। সময় সীমিত হলেও দ্রুত কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

error: Content is protected !!