ছবি সংগৃহীত
সিলেটের আলিয়া মাঠে বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকেই সমমনা আট দলের নেতাকর্মীদের সমাগম শুরু হয়। বাসসহ বিভিন্ন যানবাহনে করে তারা আলিয়া মাঠে এসে জড়ো হতে থাকেন। জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ পাঁচ দফা দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জয় নিশ্চিত করাকে সামনে রেখে ইসলামী ও সমমনা ৮ দলের এই বিভাগীয় সমাবেশ আয়োজন করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১২টা থেকে সমাবেশ শুরু হয়ে আসরের আগে শেষ হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। সমাবেশ সফল করতে গত কয়েকদিন ধরে আট দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সিটি কর্পোরেশনসহ সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকেও সমাবেশ ঘিরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সমাবেশে ৮ দলের শীর্ষ নেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে। তারা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির সভাপতি এডভোকেট আনোয়ারুল হক চাঁন।
