সিলেটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে এসএমপির ভিন্নধর্মী উদ্যোগ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-১৮

সিলেট মহানগরীতে সড়ক নিরাপত্তা সচেতনতায় অভিনব উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে নগরীর প্রধান সড়কগুলোতে হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল আরোহীদের হাতে ফুল তুলে দেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। এ সময় তিনি বলেন, “হেলমেট কেবল আইনের বাধ্যবাধকতা নয়, এটি জীবন রক্ষার ঢালও বটে। প্রত্যেক চালককে দায়িত্বশীল আচরণের মাধ্যমে নিরাপদ সড়ক গঠনে ভূমিকা রাখতে হবে।”

কমিশনার আরও জানান, প্রায় ১২ লাখ নগরবাসীর প্রত্যাশা—একটি যানজটমুক্ত ও নিরাপদ নগর পরিবেশ। এজন্য ফুটপাতকে হকারমুক্ত করা, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানো এবং টেকসই নগর পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার বিষয়ে তিনি বলেন, এগুলো আইনগতভাবে অনুমোদিত নয় এবং বেশিরভাগ চালকই অপ্রশিক্ষিত। ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতার কারণে তারা যত্রতত্র চলাফেরা করে এবং হঠাৎ মোড় নেওয়ায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাই মেট্রোপলিটন এলাকায় এসব যান চলবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর এই ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে নগরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ট্রাফিক বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও এতে অংশ নেন। কমিশনার নিয়ম মেনে চলা মোটরসাইকেল আরোহীদের প্রশংসা করে অন্যদেরও একইভাবে সচেতন হওয়ার আহ্বান জানান।

সাধারণ পথচারীরাও এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। অনেকেই বলেন, “নিয়ম মানলে শুধু শাস্তি নয়, সম্মানও পাওয়া যায়—এই কার্যক্রম সেই বার্তাই দিয়েছে।

 

error: Content is protected !!