শিরোনাম

তীব্র খাদ্য সংকটে শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-২৫
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠে এসেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত “গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস” শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বে তীব্র খাদ্য সংকটে আক্রান্ত মানুষের প্রায় দুই-তৃতীয়াংশই মাত্র ১০টি দেশের বাসিন্দা। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ রয়েছে সুদান, নাইজেরিয়া এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে।

তীব্র খাদ্য অনিরাপত্তায় থাকা দেশগুলোর তালিকায় রয়েছে—আফগানিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেন।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ও সিরিয়ার মতো কিছু দেশে পরিস্থিতির আংশিক উন্নতির ইঙ্গিত মিললেও আফগানিস্তান, মিয়ানমার ও জিম্বাবুয়েতে অবস্থার আরও অবনতি হয়েছে। ফলে বৈশ্বিক পর্যায়ে খাদ্য পরিস্থিতির উন্নয়ন কার্যত স্থবির হয়ে পড়েছে। গত বছরে ৪৭টি দেশ ও অঞ্চলে প্রায় ২৬ কোটি ৬০ লাখ মানুষ উচ্চমাত্রার তীব্র খাদ্য সংকটে ভুগেছে, যা ২০১৬ সালের তুলনায় প্রায় দ্বিগুণ।

বিশ্বজুড়ে খাদ্য সংকটের প্রধান কারণ হিসেবে যুদ্ধ ও সংঘাতকে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, সংঘাত ও বৈরী আবহাওয়ার কারণে ২০২৬ সালে এই সংকট আরও গভীর হতে পারে।

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে এবং গুরুত্বপূর্ণ নৌপথে বিঘ্ন ঘটায় জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে সার উৎপাদন ব্যয় বেড়ে গিয়ে কৃষি খাতে নেতিবাচক প্রভাব পড়ছে।

জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রধান আলভারো লারিও এএফপিকে বলেন, সার ও জ্বালানির উচ্চমূল্যের কারণে চলতি মৌসুমে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি ক্ষুদ্র কৃষকদের জন্য জলবায়ু সহনশীল ফসল চাষে বিনিয়োগ বাড়ানো এবং স্থানীয়ভাবে সার উৎপাদন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

 

error: Content is protected !!