ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নির্বাচনী সফরের অংশ হিসেবে আগামীকাল শনিবার সিলেট সফরে আসছেন। এদিন বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই সভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন।
দলীয় নেতাকর্মীরা জানান, জনসভাকে সফল করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আশা করছেন, সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি ঘটবে।
এদিকে আমীরে জামায়াতের সফর ও জনসভা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। নগরীর ধোপাদিঘীরপাড় এলাকার ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর জামায়াতের আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি জানান, শনিবারের জনসভায় সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার চারটি আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। সভা সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। জনসভা বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, আমীরে জামায়াত হেলিকপ্টারযোগে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় অংশ নেবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের নির্ধারিত জনসভা বাতিল করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সিলেট-১ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য ও সিলেট-১ আসনের নির্বাচন পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, এলডিপির মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, এবি পার্টির মহানগর আহ্বায়ক মো. ওমর ফারুক, জাগপা মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বিডিপি মহানগর আহ্বায়ক কবির আহমদ এবং মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীসহ অনেকে।
