হামের প্রকোপ অব্যাহত: এক দিনে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৮৫
:
বালাগঞ্জের আওয়াজ প্রকাশ: 2026-08-06
ছবি: সংগৃহীত
দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৫ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ মারা যাওয়া শিশুদের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৭৬৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জনে।
উপসর্গজনিত মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ৩৩৪ জন ঢাকা বিভাগে। এরপর সিলেটে ১১৭ জন, রাজশাহীতে ৯১ জন, ময়মনসিংহে ৭১ জন, চট্টগ্রামে ৬১ জন, বরিশালে ৪৫ জন, খুলনায় ৩২ জন এবং রংপুর বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৩৩ জন চিকিৎসা নিতে যান। তাদের মধ্যে ৬৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বিভাগভিত্তিক ভর্তি রোগীর সংখ্যা হলো— ঢাকা ২২৭, চট্টগ্রাম ২১১, সিলেট ৭৪, বরিশাল ৫৬, ময়মনসিংহ ৩৩, খুলনা ১৮, রাজশাহী ১৬ এবং রংপুরে ১০ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন। এর মধ্যে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরও ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পরীক্ষাগারে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৪০ জনে।
তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা বা মৃত্যুবরণকারী সবার নমুনা পরীক্ষা করা সম্ভব হয় না। তাই পরীক্ষায় শনাক্ত রোগীর সংখ্যা দিয়ে দেশে হামের প্রকৃত বিস্তারের পূর্ণ চিত্র প্রতিফলিত হয় না।