ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সকাল ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বলে জানিয়েছেন কেন্দ্রটির পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব।
দিলীপ বৈষ্ণব জানান, এটি শুধু দেশের সর্বনিম্ন তাপমাত্রাই নয়, চলতি মৌসুমে শ্রীমঙ্গলে রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রাও। তিনি আরও বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও নিচের দিকে থাকতে পারে।
তাপমাত্রা কম থাকলেও সকাল ৭টার পর থেকেই শ্রীমঙ্গলে সূর্যের দেখা মিলেছে। উজ্জ্বল রোদ কিছুটা উষ্ণতার অনুভূতি দিয়েছে।
এর আগে ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে যায় শ্রীমঙ্গলের চা বাগান ও গ্রামাঞ্চল।
শ্রীমঙ্গল শহর এবং আশপাশের এলাকা ঘুরে জানা গেছে, সন্ধ্যার পর শহরে ঠান্ডার মাত্রা তুলনামূলক কম থাকলেও গ্রামাঞ্চল ও চা বাগান এলাকায় বেশ তীব্র শীত অনুভূত হয়েছে।
