ছবি: সংগৃহীত
সিলেটের আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় চার দিনে প্রায় চার লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী।
রবিবার (১৭ আগস্ট) দিন-রাতে সিলেট সদর উপজেলা ও কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সাদাপাথর উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয়েছে ছয়জনকে।
এ নিয়ে সাদাপাথর লুটপাট ও পাথর লুকানোর ঘটনায় মোট ১১ জনকে আটক করা হলো। উদ্ধার করা সাদাপাথর ট্রাকে করে ফেরত নেওয়া হচ্ছে ভোলাগঞ্জে এবং প্রতিস্থাপন করা হচ্ছে ধলাই নদীতে।
তবে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর দায়ের করা মামলায় প্রায় দেড় হাজার অজ্ঞাতনামা আসামি করার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে—মূল হোতাদের ধরার পরিবর্তে সাধারণ দিনমজুরদের হয়রানি করা হচ্ছে।
এদিকে, প্রশাসন জানিয়েছে অভিযান অব্যাহত থাকবে। আগামী বুধবার জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।
