ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হচ্ছে স্থানীয় ভোট, অক্টোবরে প্রথম ধাপ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৫-২০
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর মাসে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থগিত থাকা স্থানীয় নির্বাচন কার্যক্রম শুরু হতে পারে। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও কার্যকর করতে কমিশনের ভেতরে আইনি ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। অতীতের বিভিন্ন নির্বাচন ঘিরে ওঠা প্রশ্ন ও বিতর্ক বিবেচনায় নিয়ে শেখ হাসিনা সরকারের সময় প্রণীত কিছু আইন, বিধিমালা ও আচরণবিধিতে পরিবর্তন আনার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
জানা গেছে, আগামী মাসে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শেষে নতুন আইনি কাঠামো প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। এরপর পরিস্থিতি বিবেচনা করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
এদিকে নির্বাচন আয়োজনকে সামনে রেখে বাজেট, প্রশাসনিক সক্ষমতা, মৌসুমি পরিস্থিতি ও আইনি জটিলতা বিবেচনায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করছে কমিশন। পরিকল্পনা চূড়ান্ত হলে নির্বাচন আয়োজনের ধাপ ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া প্রশাসকদের ভূমিকা নিয়েও আলোচনা চলছে। তবে আপাতত প্রশাসনিক শূন্যতা এড়াতে তাদের স্বপদে বহাল রেখেই নির্বাচন আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। একই সঙ্গে প্রশাসকদের সম্ভাব্য প্রভাব নিয়ন্ত্রণে কঠোর আচরণবিধি প্রণয়নের কথাও ভাবা হচ্ছে।
অন্যদিকে, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় কাঠামোয় আয়োজনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কমিশন। রাজনৈতিক দলগুলোর সম্মতি পাওয়া গেলে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন আয়োজনের সম্ভাবনাও রয়েছে।
ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলও সম্ভাব্য নির্বাচন সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন ব্যয়, প্রচারণা পদ্ধতি, প্রার্থিতা ও নির্বাচন ব্যবস্থাপনায় নতুন পরিবর্তনের বিষয়গুলোও আলোচনায় রয়েছে।

error: Content is protected !!