শিরোনাম

বালাগঞ্জে পারিবারিক বিরোধে প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টা: মিথ্যা মামলায় বাদীর বিরুদ্ধে ব্যবস্থা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-৩১
আদালত : প্রতীকী ছবি

সিলেটের বালাগঞ্জে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনার পর প্রতিবেশীকে ফাঁসাতে দায়ের করা মিথ্যা মামলা আদালতে খারিজ হয়ে গেছে। আদালত বাদী জুবেল আহমদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

উপজেলার মাদারীপুর গ্রামের জুবেল আহমদ ও তার ভাই কামরুজ্জামান সোয়েবের মধ্যে ৪ ফেব্রুয়ারি সংঘর্ষ ঘটে। জুবেল প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর ১১ ফেব্রুয়ারি জুবেল তাদের প্রতিবেশী হারুন মিয়া ও তার ছেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তদন্তের দায়িত্বে থাকা এসআই কবির হোসেন জানান, তদন্তে প্রমাণিত হয়েছে মামলা ভিত্তিহীন। প্রতিবেদনে বলা হয়েছে, জুবেল ও সোয়েবের চাচা আব্দুস সালাম দীর্ঘদিন ধরে হারুন মিয়ার ভিটেবাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। পারিবারিক মারামারির ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং হয়রানির উদ্দেশ্যে হারুন মিয়া ও তার ছেলেদের বিরুদ্ধে প্রতিহিংসামূলকভাবে মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগী হারুন মিয়া অভিযোগ করে বলেন, ধনাঢ্য আব্দুস সালাম ও তার ভাতিজারা বারবার আমাদের বাড়ি দখলের চেষ্টা করছে। হামলা, ভাঙচুর ও মিথ্যা মামলায় আমার পরিবার নাজেহাল। আমি প্রশাসন ও দেশবাসীর কাছে ন্যায়বিচার চাই।

সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইকবাল হক চৌধুরী জানান, আদালত হারুন মিয়া ও তার পরিবারকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন এবং বাদী জুবেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

 

error: Content is protected !!