জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারানোর পর আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নাগরিকদের ভোগান্তি কমানোর লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) এই প্রক্রিয়া বাতিল করে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
ইসির মতে, এ সিদ্ধান্ত কার্যকর হলে এনআইডি সংক্রান্ত সেবা আরও সহজ হবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে আরও কিছু নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
অন্যদিকে, গত এক বছরে এনআইডি নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় ৯ লাখ ৫০ হাজার সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।
