ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার ভোর রাতে উপজেলার ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উপজেলার মইয়ার হাওরের বালুচর এলাকার একটি বাড়িতে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভবানীপুর গ্রামের কয়েকজন বাসিন্দা যান। অনুষ্ঠান শেষে ভোর রাতে একটি ডিঙি নৌকায় করে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি হাওরের পানিতে ডুবে যায়।
নৌকায় থাকা অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন পানিতে তলিয়ে যান। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পরে সকাল ১১টার দিকে অভিযান চালিয়ে অরুণ দেবনাথ (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ অপর তিনজনের সন্ধান এখনো পাওয়া যায়নি।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—পূর্ব ভবানীপুর গ্রামের অধির দেবনাথ (৫০), হেমেন্ড দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।
তাদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
