বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, কঠোর নির্দেশনায় চলবে কার্যক্রম

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৬-২৫

এবার ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি), আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় অন্তর্ভুক্ত।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৮৮২ জন কমেছে। ২০২৪ সালে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন

শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এছাড়া, পরীক্ষা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে মন্ত্রণালয় বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে:

  • পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

  • অনিবার্য কারণে কোনো শিক্ষার্থী দেরিতে প্রবেশ করলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ রেজিস্টারে লিখে তা সেইদিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে

  • পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সংশ্লিষ্টদের কাছে এসএমএসের মাধ্যমে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে।

  • শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তবে ছবি তোলা যায় না এমন ফোন ব্যবহার করতে হবে। অন্য কেউ মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে:

  • পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে;

  • ওএমআর শিটে সঠিকভাবে তথ্য পূরণ করতে হবে;

  • উত্তরপত্র ভাঁজ করা যাবে না;

  • মোবাইল ফোন কেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ;

  • বহুনির্বাচনি ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না;

  • ব্যবহারিকসহ সব অংশে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে;

  • পরীক্ষার্থী শুধু প্রবেশপত্রে উল্লেখিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে;

  • কেউ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না;

  • উপস্থিতি পত্রে স্বাক্ষর করা বাধ্যতামূলক

এছাড়াও, পরীক্ষাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিশেষ নজরদারি চালানো হবে।

error: Content is protected !!