গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ী থেকে একই পরিবারের তিন সদস্য একটি মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য। তাঁদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
