ছবি: সংগৃহীত
বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার ঝুঁকির কথা বিবেচনায় এনে এ সতর্কতা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) তাদের হালনাগাদ ভ্রমণ পরামর্শে এই নির্দেশনা প্রকাশ করে।
এফসিডিওর নোটিশে বলা হয়েছে, সংস্থাটির পরামর্শ উপেক্ষা করে বাংলাদেশ ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। তাই ভ্রমণের ক্ষেত্রে সতর্কভাবে পরিকল্পনা গ্রহণ এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া অন্যান্য ভ্রমণ থেকে বিরত থাকতে নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় জরুরি প্রয়োজন ব্যতীত ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, এসব অঞ্চলে—বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে—সহিংসতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর নিয়মিত পাওয়া যাচ্ছে, যা নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে।
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে এফসিডিও জানিয়েছে, দেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর হামলার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।
নোটিশে আরও বলা হয়, রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্রকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটতে পারে, যা কখনো কখনো নির্বিচার সহিংসতার রূপ নিতে পারে।
