বাংলাদেশ ও ইতালির মধ্যে কূটনৈতিক সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনার লক্ষ্যে আগামী ৩০ আগস্ট ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এটি হবে তাঁর প্রথম বাংলাদেশ সফর। একই সঙ্গে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি হবে কোনো ইউরোপীয় দেশের সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মেলোনির এই সফর নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকা সফরে আসেন। তখনই প্রধানমন্ত্রী মেলোনির সফর নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। এরপর ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ এবং প্রস্তুতির মাধ্যমে এই সফর চূড়ান্ত রূপ পায়।
সফরকালে বাণিজ্য, শ্রম অভিবাসন ও বিনিয়োগ সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে। বিশেষ করে ইতালির শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্ব দেওয়া হবে। ইতালি আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নেবে, যার মধ্যে বাংলাদেশি শ্রমিকদের অন্তর্ভুক্ত করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বিশেষভাবে পোশাক খাত, চামড়াশিল্প, নবায়নযোগ্য জ্বালানি এবং প্রযুক্তি খাতে যৌথ উদ্যোগ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে ইতালি।
বিশ্লেষকরা মনে করছেন, এই সফর বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করে তুলবে।
