মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। শনিবার (স্থানীয় সময়) রাত আটটার দিকে নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি এ তথ্য প্রকাশ করেন।
ট্রাম্প জানান, ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়। তাঁর ভাষায়, “সব যুদ্ধবিমান নিরাপদে ফিরেছে, আমাদের বীর যোদ্ধাদের অভিনন্দন।”
এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সরাসরি ইরানবিরোধী যুদ্ধে সম্পৃক্ত হলো। ইসরায়েল আগেই এ হামলার বিষয়ে অবগত ছিল এবং ট্রাম্পও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে।
হোয়াইট হাউসের একাধিক উপদেষ্টা শুরুতে ট্রাম্পকে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখতে চাইলেও শেষ পর্যন্ত হামলার সিদ্ধান্ত হয়। তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি দীর্ঘমেয়াদি যুদ্ধ চান না এবং কূটনৈতিক সমাধান এখনও সম্ভব বলেই বিশ্বাস করেন।
এখনো স্পষ্ট নয়, হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও ট্রাম্প বলেছিলেন, তিনি ইরান সরকার পতনের উদ্দেশ্যে সরাসরি যুদ্ধে যেতে চান না।
বিশ্লেষকদের মতে, এই হামলা ট্রাম্প প্রশাসনের কৌশলগত দ্বিধা এবং অভ্যন্তরীণ চাপের প্রকাশ ঘটিয়েছে।
