শ্রীমঙ্গলে তাপমাত্রা নামল ১৫.২ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-11-18

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রমেই জেঁকে বসছে শীত। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলাটিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কমার পাশাপাশি সন্ধ্যা ও রাতে শীতের অনুভূতিও বাড়ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বুধবার সকালে এ তাপমাত্রা রেকর্ডের তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকেই জেলায় ঠান্ডার অনুভূতি বাড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা আরও অনুভূত হচ্ছে। মঙ্গলবার ভোরে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। প্রকৃতিতে কুয়াশার এমন উপস্থিতি শীতের আগমনী বার্তাকে আরও স্পষ্ট করে তুলেছে।

শীতের প্রভাবে ভোগান্তিতে শ্রমজীবীরা

শীতের প্রাথমিক প্রভাব পড়তে শুরু করেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন জীবনে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া চা-শ্রমিক, দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষকে সকাল ও রাতে ঠান্ডার মধ্যে কাজ করতে হচ্ছে। তাপমাত্রা আরও কমলে তাদের দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে প্রতিদিনই কুয়াশার আবরণ ভেদ করে সূর্যের দেখা মিললেও রোদের তেমন উত্তাপ পাওয়া যাচ্ছে না। ফলে দিনের বেলায়ও শীতের আমেজ পুরোপুরি কাটছে না।

কুয়াশায় বদলে যাচ্ছে চা-বাগানের প্রকৃতি

শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের প্রকৃতিতেও ঋতু পরিবর্তনের ছাপ পড়েছে। সকাল ও সন্ধ্যায় চা-বাগানের সারি সারি গাছের ফাঁকে জমছে কুয়াশা। ভোরের সূর্যের আলোয় ঘাস ও পাতার ওপর জমে থাকা শিশিরবিন্দু ঝিলমিল করছে।

পাহাড়ি টিলা, বিস্তীর্ণ চা-বাগান ও সবুজ প্রকৃতির সমন্বয়ে শ্রীমঙ্গলের চিরচেনা সৌন্দর্য শীতের শুরুতে নতুন রূপ ধারণ করেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

error: Content is protected !!