চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে।
সোমবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, নির্ধারিত দিন সকাল ১০টায় একযোগে ফল প্রকাশিত হবে।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। তারা দেশের ২ হাজার ২৯১টি কেন্দ্র ও ১৮ হাজার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। মাদ্রাসা বোর্ডের অধীন পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭২৫টি কেন্দ্রে, যেখানে ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠান অংশ নেয়।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
ফলাফল সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল মেসেজের মাধ্যমে জানানো হবে বলেও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।
