ছবি: সংগৃহীত
আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে টিকিটধারী দর্শকদের জন্য ভিসা বন্ডের বাধ্যবাধকতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে নির্দিষ্ট শর্ত পূরণকারী সমর্থকদের ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় চালু হওয়া এই নীতির আওতায় অস্থায়ী মার্কিন ভিসা পেতে আবেদনকারীদের ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত নিরাপত্তা জামানত বা ভিসা বন্ড জমা দিতে হতো। সফর শেষে নির্ধারিত সময় অনুযায়ী যুক্তরাষ্ট্র ত্যাগ করলে সেই অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থাও ছিল।
বুধবার যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণকারী বিশ্বকাপ দর্শকদের জন্য এই ভিসা বন্ড আর প্রযোজ্য হবে না। গত বছরের আগস্টে চালু হওয়া এই নীতিমালার আওতায় প্রায় ৫০টি দেশের নাগরিকদের অস্থায়ী ভিসা পেতে অতিরিক্ত এই শর্ত মানতে হতো।
যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার জানান, ২০২৬ সালের ১৫ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের টিকিট কিনে ফিফার পাস কর্মসূচিতে যুক্ত হওয়া যোগ্য সমর্থকদের জন্য এই সুবিধা কার্যকর হবে।
তিনি আরও জানান, খেলোয়াড়, কোচ এবং দলীয় সহায়ক কর্মীদের ক্ষেত্রেও আগেই ভিসা বন্ডের শর্ত তুলে নেওয়া হয়েছিল।
মোরা নামদার বলেন, “জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ ভ্রমণ সহজ করতেই আমরা কাজ করছি।”
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বকাপের টিকিট থাকলেও দর্শনার্থীদের নিয়মিত ভিসা যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। অর্থাৎ, বন্ড শিথিল হলেও ভিসা পাওয়ার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
বর্তমানে বিশ্বকাপে অংশ নেওয়া অন্তত পাঁচটি দেশ—আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল এবং তিউনিসিয়া—এই ভিসা বন্ড নীতির আওতায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ধারণা, বিশ্বকাপ উপলক্ষে প্রায় এক কোটি দর্শনার্থী দেশটিতে ভ্রমণ করতে পারেন। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিভিন্ন শহরে শুরু হবে বিশ্বকাপের ম্যাচ। এই আয়োজনকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী সমর্থকের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে।
