শিরোনাম

নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১১-০৫
ছবি সংগৃহীত

নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে এই ঐতিহাসিক জয় অর্জন করেন। এই জয়ের মাধ্যমে তিনি নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নাম লিখিয়েছেন।

জোহরান মামদানি একই সঙ্গে প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্মগ্রহণকারী মেয়র। পাশাপাশি, এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কম বয়সে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি।

বর্তমান মেয়র এরিক অ্যাডামসও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। তবে গত সেপ্টেম্বরে তিনি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান।

নিউইয়র্ক সিটির নির্বাচন বোর্ডের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় আজ বুধবার ভোর ৫টা) আনুমানিক ১৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এটি গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি। ১৯৯৩ সালের নির্বাচনে প্রায় ১৯ লাখ ভোট পড়েছিল, যেখানে রিপাবলিকান প্রার্থী রুডি জুলিয়ানি ডেমোক্র্যাট ডেভিড ডিনকিনসকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া নিউইয়র্ক শহরে অন্য কোনো নির্বাচনে সর্বাধিক আগাম ভোটের রেকর্ড।

ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায় এবং শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৮টা)। ভোট শেষ হওয়ার পরপরই শুরু হয় গণনা।

ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি নিজের এলাকার অ্যাস্টোরিয়ায় ভোট প্রদান করেন। নির্বাচনী প্রচারণায় তিনি জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দেন, যা তরুণসহ বিভিন্ন বয়সের ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সেই জনসমর্থনের প্রতিফলনই দেখা গেছে ভোটের ফলাফলে।

error: Content is protected !!