ছবি; সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলা দেখতে আসা দর্শকদের ওপর একটি বাস উঠে গেলে একজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৪০)। তিনি উপজেলার দুলারামপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশাচালক।
শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার ডি আর সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠের পাশে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, যুবদলের পৃষ্ঠপোষকতায় ড্রাগন ফুটবল একাডেমির আয়োজনে চলছিল মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। দুলারামপুর বনাম ধনিরামপুর ফুটবল একাডেমির এই খেলাটি দেখতে কয়েক হাজার দর্শক মাঠে ও আশপাশের এলাকায় জড়ো হন।
খেলার সময় ইলিয়টগঞ্জ এক্সপ্রেসের একটি বাস দীর্ঘক্ষণ যানজটে আটকে ছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের ভেতরে গাড়ি উঠিয়ে দেন। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন মারা যান এবং গুরুতর আহত হন আরও চারজন—শাহজালাল (৪৫), গোলাম রব্বানী (১৮), সাইদুল (৩০) ও ঋত্বিক চন্দ্র বর্মণ (২০)।
স্থানীয় নেতারা দুর্ঘটনার জন্য পুলিশ ও প্রশাসনের দায়িত্বহীনতাকে দায়ী করলেও পুলিশ বলছে, আয়োজকেরা তাদের কাছ থেকে কোনো লিখিত অনুমতি বা নিরাপত্তা চায়নি।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তবে চালক ও হেলপারকে কেউ পুলিশের কাছে সোপর্দ করেনি বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন।
