শিরোনাম

অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি বব সিম্পসন আর নেই: খেলোয়াড় ও কোচ হিসেবে অপ্রতিদ্বন্দ্বী অবদান

: খেলা ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৮-১৬

অস্ট্রেলিয়ার প্রখ্যাত সাবেক অধিনায়ক বব সিম্পসন আর নেই। শনিবার ৮৯ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। খেলোয়াড় এবং কোচ—দুই ভূমিকাতেই অস্ট্রেলিয়া ক্রিকেটে তার অবদান ছিল অনন্য।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড শোকবার্তায় বলেন, “বব সিম্পসন ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম সেরা। যারা তাকে মাঠে খেলতে দেখেছেন বা তার জ্ঞান থেকে উপকৃত হয়েছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দুঃখজনক।”

১৯৫৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় সিম্পসনের। তার ক্যারিয়ারে ৬২টি টেস্ট খেলে ৪৮৬৯ রান করেন, গড় ছিল ৪৬.৮১। ব্যাট থেকে এসেছে ১০টি সেঞ্চুরি ও ২৭টি অর্ধশতক।

প্রথমে তিনি ছিলেন অলরাউন্ডার, তবে ধীরে ধীরে হয়ে ওঠেন নির্ভরযোগ্য ওপেনার। ১৯৬৪ সালে এক মৌসুমে ১৩৮১ রান করেন এবং ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের সেরা ৩১১ রানের ইনিংস খেলেন। পরবর্তী সময়ে আরও কয়েকটি ডাবল সেঞ্চুরি করেন তিনি।

শুধু ব্যাটিং নয়, তিনি ছিলেন কার্যকর লেগ স্পিনারও। টেস্টে ৭১ উইকেট নেন। ভারতের বিপক্ষে শেষ টেস্টে ৮ উইকেট নেন, যা তার সেরা বোলিং ফিগার। ওই ম্যাচে তিনি ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট অর্জন করেন। এছাড়া স্লিপে ছিলেন দারুণ নির্ভরযোগ্য ফিল্ডারও।

১৯৬৮ সালে ভারতের বিপক্ষে সিরিজের পর প্রথমবারের মতো অবসর নেন। তবে ১৯৭৭ সালে আবার মাঠে ফেরেন। কারণটি ছিল গুরুত্বপূর্ণ—কেরি প্যাকারের ‘বিদ্রোহী লিগ’ ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটে অস্ট্রেলিয়ার মূল ক্রিকেটাররা চলে গেলে ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে আবারো দলের জন্য কল করে। তিনি ভারতের বিপক্ষে হোম সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের নেতৃত্ব দেন এবং পরবর্তীতে আবারও সরে দাঁড়ান।

খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর তিনি অস্ট্রেলিয়া দলের প্রথম পূর্ণকালীন কোচ হন। ১৯৮০-এর দশক থেকে ১৯৯০-এর দশকে অ্যালান বর্ডার ও মার্ক টেলরের নেতৃত্বে অস্ট্রেলিয়ার পুনর্জাগরণের ‘মাস্টারমাইন্ড’ ছিলেন তিনি।

তার কোচ হওয়ার আগে অস্ট্রেলিয়া ১৪টি টেস্টই জেতেনি এবং তিন বছর ধরে কোনো সিরিজ জিততে পারেনি। দলের মানসিক দৃঢ়তাও ছিল তলানিতে। ১৯৮৬ সালে, বিশ্বকাপের ঠিক এক বছর আগে, অজি ক্রিকেট বোর্ড তাকে দায়িত্ব দেয়। তার কোচিংয়ে পরের বছর অস্ট্রেলিয়া প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে। নব্বইয়ের দশকে অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য হয়ে ওঠার পেছনেও তার অবদান অসামান্য।

  • অস্ট্রেলিয়া ক্রিকেট
  • ক্রিকেট কিংবদন্তি
  • বব সিম্পসন বায়োগ্রাফি
  • error: Content is protected !!