চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-08-25

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়গুলো জানান প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে আগামী সপ্তাহে নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে মন্ত্রণালয়।

তিনি বলেন, নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। ইসির সঙ্গে আলোচনা শেষে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।

বৈঠকে বাংলাদেশের পানি সরবরাহ ব্যবস্থায় ডেনমার্কের সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী জানান, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করবে দেশটি। এর অংশ হিসেবে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতে অর্থসহায়তা দেবে ডেনমার্ক।

প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্পে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ সরকার। ফলে এ অর্থায়ন সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করবে না বলে জানান তিনি।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। পাশাপাশি রোহিঙ্গাদের সহায়তার জন্য ডেনমার্ক ১০০ কোটি টাকা দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

error: Content is protected !!