কিনব্রিজ বন্ধের পর নতুন সেতুতেও বিধিনিষেধ, সিলেটে যানজটের শঙ্কা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-11-08

সিলেট নগরের গুরুত্বপূর্ণ কিনব্রিজে যানবাহন চলাচল বন্ধ থাকার মধ্যেই মেন্দিবাগ এলাকার হযরত শাহজালাল (রহ.) সেতুতে (নতুন ব্রিজ) যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেতুটির ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট মেরামতের জন্য দুই দফায় এ বিধিনিষেধ কার্যকর থাকবে। এতে নগরের সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যানজট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, গত শনিবার (৭ নভেম্বর) রাত ১১টা থেকে সেতুতে মেরামতকাজ শুরু হয়েছে। প্রথম দফায় ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ১৪ নভেম্বর রাত ১১টা থেকে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত মেরামত কার্যক্রম চলবে।

ট্রাফিক বিভাগের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, মেরামতকাজ চলাকালে সেতুর একটি লেন পর্যায়ক্রমে বন্ধ রাখা হবে। অন্য লেন দিয়ে উভয় দিকের যানবাহন চলাচল করবে। এ সময় মেন্দিবাগ থেকে হুমায়ুন রশিদ চত্বর এবং বিপরীতমুখী সড়কে সব ধরনের রিকশা চলাচল বন্ধ থাকবে। তবে সিএনজিচালিত অটোরিকশা নির্ধারিত রিকশা লেন ব্যবহার করে চলাচল করতে পারবে।

সেতু দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে শুধু প্রাইভেট কার, মাইক্রোবাস এবং জরুরি ও সেবামূলক যানবাহনকে। অন্যদিকে ছোট-বড় সব ধরনের ট্রাক ও কাভার্ড ভ্যানকে বিকল্প হিসেবে কাজিরবাজার সেতু ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সেতুটির একটি লেন বন্ধ রেখে দুই দিকের যানবাহন চলাচল করায় স্বাভাবিক সময়ের তুলনায় যানজট বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের পাশাপাশি ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এরই মধ্যে সিলেট নগরের যানজট পরিস্থিতি নিয়ে ভোগান্তিতে রয়েছেন যাত্রী ও চালকেরা। নগরের প্রবেশপথ হিসেবে পরিচিত কিনব্রিজে যানবাহন চলাচল বন্ধ থাকায় মেন্দিবাগের নতুন সেতুর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। প্রতিদিনই এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

১৯৩৬ সালে চালু হওয়া ঐতিহ্যবাহী কিনব্রিজটি দীর্ঘদিন ব্যবহারের ফলে জরাজীর্ণ হয়ে পড়ে। ২০২৩ সালে সংস্কারকাজের পর সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে শুধু মোটরসাইকেল ও পথচারীদের চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত রয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় বলেন, মেরামতকাজ চলাকালে যানজট এড়াতে নগরবাসী ও চালকদের নির্ধারিত ট্রাফিক নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

error: Content is protected !!