ছবি: সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে ও ইনাতগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ দক্ষিণ গ্রামের ময়না মিয়ার ছেলে সবজি ব্যবসায়ী আবুল কাশেম (৫০) এবং ইনাতগঞ্জ বাজারের ফাহিম সবজি ভান্ডারের কর্মচারী ময়না মিয়া (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে ইনাতগঞ্জ বাজারের কয়েকজন সবজি ব্যবসায়ী ও কর্মচারী পিকআপ ভ্যানে করে বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রোকনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়।
সংঘর্ষে পিকআপ ভ্যানে থাকা মশহুদ আহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত পিকআপচালকসহ চারজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল কাশেম ও ময়না মিয়া মারা যান।
বর্তমানে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান সরিয়ে নেয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে বাসটি আউশকান্দি এলাকায় আটক করা হয়। দুর্ঘটনায় জড়িত বাস ও পিকআপ ভ্যান হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
