শিরোনাম

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান: মালদ্বীপে আরও বাংলাদেশি কর্মী নিয়োগ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-০২
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগে মালদ্বীপের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ উদ্যোগ দুই দেশের মধ্যে শ্রম সহযোগিতা আরও জোরদার করতে সহায়ক হবে।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আলোচনায় প্রতিমন্ত্রী ১২ মার্চ থেকে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’-এর মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়াকে স্বাগত জানান। তিনি উল্লেখ করেন, এ উদ্যোগ দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় তিনি রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ এবং শ্রমবাজারসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ করেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের বিদ্যমান সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপরও জোর দেন।

মালদ্বীপের হাইকমিশনার তার দেশে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং বিশেষ করে স্বাস্থ্য খাতে বাংলাদেশি পেশাজীবী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

এছাড়া, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে মালদ্বীপের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক বলে মন্তব্য করা হয়।

error: Content is protected !!