শিরোনাম

রাজধানীর মূল সড়কে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা, ডিএনসিসির কড়া অভিযান শুরু

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৫-১৪

রাজধানীর মূল সড়কে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা, ডিএনসিসির কড়া অভিযান শুরু


রাজধানীর মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল পুরোপুরি বন্ধ করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল মঙ্গলবার আসাদ গেট এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে শতাধিক অবৈধ ব্যাটারিচালিত রিকশা ভেঙে ফেলা হয়েছে। ডিএনসিসি জানায়, এসব রিকশার বদলে অনুমোদিত নকশার বাহন সড়কে নামানো হবে দ্রুত।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এ মাস থেকেই রিকশাচালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে এবং লাইসেন্স প্রদান করা হবে। নির্ধারিত এলাকায় ও নির্ধারিত ভাড়ায় অনুমোদিত রিকশাগুলো চলবে।

অভিযানটি পরিচালিত হয় ধানমন্ডির পুরোনো ২৭ নম্বর রোড থেকে আসাদ গেট পর্যন্ত। নির্দেশনা অমান্য করায় শতাধিক ব্যাটারিচালিত রিকশা গুঁড়িয়ে দেয়া হয়।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, “রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলবে না। শুধু অনুমোদিত ডিজাইনের রিকশাই চলতে পারবে। এছাড়া অবৈধ ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হবে।”

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৪ সালের আগস্ট থেকে এসব ব্যাটারিচালিত রিকশার সংখ্যা হঠাৎ বেড়ে যায়। ফলে দুর্ঘটনার ঝুঁকিও অনেকগুণ বৃদ্ধি পায়। বেপরোয়া গতি, উল্টো পথে চলাচলসহ নানাভাবে জনদুর্ভোগ বাড়ছে।

এর আগেও গুলশানসহ কিছু এলাকায় এই রিকশা নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিল ডিএনসিসি, তবে তদারকির অভাবে তা কার্যকর করা যায়নি। এবার সেই পদক্ষেপ আরও কঠোরভাবে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সিটি করপোরেশন।

error: Content is protected !!