শিরোনাম

কাল থেকে সিলেট নগরীতে চলাচলে মানতে হবে এই নির্দেশনাগুলি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১১-২৬
ছবি সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘৪৭তম বিসিএস’ এর লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৫ (আবশ্যিক বিষয়) এবং ১০ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২৫ (পদসংশ্লিষ্ট বিষয়) পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে, আমি, নিম্নস্বাক্ষরকারী, সিলেট মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-২০০৯ এর ধারা ২৯, ৩০, ৩১ ও ৩২ অনুযায়ী প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে ঘোষণা করছি যে, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ পরিধির মধ্যে, পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত, জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈচৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন, লাউডস্পীকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহার, অস্ত্রশস্ত্র (তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি), বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন বা ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত/অবাঞ্ছিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

উক্ত পরীক্ষা কেন্দ্র পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হলো।

এই আদেশ আগামী ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বলবৎ থাকবে। পরীক্ষার তারিখসমূহ হলো: ২৭, ৩০ নভেম্বর ও ১, ৩, ৪, ৭, ৮ ডিসেম্বর (আবশ্যিক বিষয়) এবং ১০, ১১, ১৫, ১৮ ডিসেম্বর (পদসংশ্লিষ্ট বিষয়)।

জনস্বার্থে এই গণবিজ্ঞপ্তি জারি করা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!