পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সিলেটের আর কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে না। জাফলংকে একটি পর্যটকবান্ধব কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের পাথরখেকো শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের পথ উন্মুক্ত হবে।
শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে সিলেটের জাফলং ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, “জাফলংয়ের ইসিএ এলাকা থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে কেউ এমন অবৈধ কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এসময় তাঁর সঙ্গে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনিও জাফলং ইসিএ এলাকা পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শন শেষে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে জাফলং ও আশপাশের এলাকার পরিবেশ চরম হুমকির মুখে পড়েছে। তাই অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হবে।”
সরকারের এই যৌথ পদক্ষেপ জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও পর্যটন উন্নয়নের পাশাপাশি একটি টেকসই ও পরিবেশবান্ধব অর্থনৈতিক কাঠামো গঠনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
